লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় এক হাজার রোগী। ক্যাম্পে অর্থোপেডিক, চক্ষু ও মেডিসিন বিভাগের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা দেন। পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

শনিবার( ২৯ আগষ্ট) সকালে স্থানীয় সংসদ সদস্য ও সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামান।
হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের আয়োজনে এবং স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Advertisement

ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। দুপুর ১টা পর্যন্ত প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ এবং চক্ষু রোগীদের চশমা দেওয়া হয়।

হেল্প হ্যান্ডে ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন জানান, স্থানীয় সংসদ সদস্য এবিএম নিজানের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কমলনগরের মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখা হবে। ধারাবাহিক কার্যক্রমের আওতায় প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু এবং হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি আশরাফ উদ্দিন শাহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমলনগর থানার ওসি মোঃ ফরিদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ ।

Share this news as a Photo Card

Advertisement
29 August 2026

লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

www.kamalnagarpratidin.com