রামগঞ্জে শিক্ষা অফিসারসহ ১৮ অবসরপ্রাপ্ত শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ ১৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসী ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণকারী ১৩ জন প্রধান শিক্ষক ও ৫ জন সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এমরান হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফরিদ আহাম্মদ, ফারহানা হক এবং ইউআরসি ইন্সট্রাকটর মাধব চন্দ্র মজুমদার।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মদ মানিক।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে জাফরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ আলমকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এছাড়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় পশ্চিম আংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচিত কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের লিখিত হিসাবের ডকুমেন্ট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে পেশ করা হয়।
শেষপর্বে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় জানাতে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক মুহূর্তের। সুসজ্জিত গাড়িতে করে ব্যান্ডের বাদ্যযন্ত্রের তালে তালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় জানানো হয়।
দীর্ঘ কর্মজীবন শেষে সহকর্মীদের কাছ থেকে এমন ব্যতিক্রমী বিদায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষকরা।

Advertisement