নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল্লাহ। তাঁর এ উদ্যোগ স্থানীয় তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
যুবসমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চর কালকিনি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের তরুণদের মধ্যে ১০টি ফুটবল ও ১৩৬টি জার্সি বিতরণ করা হয়েছে।
চেয়ারম্যান মো. সাইফুল্লাহ বলেন, “আমাদের যুবসমাজ যেন মাদকের সঙ্গে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট না করে, সে জন্যই আমার এই উদ্যোগ। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তারা মাদক থেকে দূরে থাকবে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। আমি চাই, আমাদের এলাকার ছেলেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক এবং সুন্দর জীবন গড়ে তুলুক।”
ফুটবল ও জার্সি পেয়ে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় তরুণরা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ খেলাধুলার পরিবেশ তৈরি করার পাশাপাশি তরুণদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়তা করবে।
সচেতন মহলের মতে, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। মাঠমুখী তরুণসমাজ গড়ে তুলতে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।
চর কালকিনি ইউনিয়নে চেয়ারম্যান মো. সাইফুল্লাহর এ উদ্যোগ যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।