আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
আলোচনার পথে তিন বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পেজেশকিয়ান আরও লিখেছেন, ‘প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই প্রকৃত আলোচনার প্রধান বাধা।’

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান তাঁর বক্তব্যের শেষে লিখেছেন, ‘বিশ্ব তোমাদের অন্তহীন কপট কথাবার্তা এবং দাবি ও কাজের মধ্যকার বৈপরীত্য দেখতে পাচ্ছে।’

Advertisement

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, ‘নৌ-অবরোধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং জায়নবাদীদের (ইসরায়েল) সব ফ্রন্টের যুদ্ধংদেহী মনোভাব বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হয়।’

গালিবাফ আরও লিখেছেন, ‘যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।’

তথ্যসূত্র: আল–জাজিরা

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
নৌ-অবরোধ হরমুজ খোলার পথে বাধা: গালিবাফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নৌ-অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং সব ফ্রন্টে ইসরায়েলি কর্মকাণ্ড বন্ধ হলেই একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি’ অর্থবহ হতে পারে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লিখেছেন, ‘নৌ-অবরোধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং জায়নবাদীদের সব ফ্রন্টের যুদ্ধংদেহী মনোভাব বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হয়।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বশেষ আলোচনায় ইরানি দলের নেতৃত্ব দেওয়া গালিবাফ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের ধারণাও প্রত্যাখ্যান করেছেন। তিনি লিখেছেন, ‘সামরিক আগ্রাসনের মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, চাপের মুখেও তা পারবে না। একমাত্র পথ হলো ইরানি জাতির অধিকারকে মেনে নেওয়া।’

এদিকে সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ইরানকে ‘ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব’ উপস্থাপনের জন্য সীমিত সময় দেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই বার্তা ইরানের কাছে পৌঁছেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

তথ্যসূত্র: সিএনএন

হরমুজ প্রণালিতে সামরিক মহড়ার সময় একটি তেলবাহী ট্যাংকারকে ঘিরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌযান। ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র
ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ ৩০ দিনের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোর অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ কথা জানিয়েছেন।

মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশন্স উপকমিটির বাজেট বিষয়ক শুনানিতে বেসেন্ট জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকের সময় প্রায় ১০টি দেশের অর্থমন্ত্রীরা তাঁকে এই অনুরোধ জানিয়েছিলেন।

এর মাধ্যমে গত সপ্তাহে দেওয়া বেসেন্টের করা মন্তব্য থেকে সরে এল মার্কিন প্রশাসন। ওই সময় তিনি বলেছিলেন, নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না।

তথ্যসূত্র: আল–জাজিরা

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে আলোচনা শুক্রবারের মধ্যে শুরু হওয়া ‘সম্ভব’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুক্রবারের মধ্যেই শুরু হওয়া ‘সম্ভব’। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

মার্কিন সংবাদপত্রটি বলেছে, পাকিস্তানি কর্মকর্তারা তাদের বলেছেন, আগামী ‘৩৬ থেকে ৭২ ঘণ্টার’ মধ্যে আলোচনা শুরু হতে পারে। নিউইয়র্ক পোস্ট এ বিষয়ে ট্রাম্পের অবস্থান জানতে চাইলে খুদে বার্তায় তিনি বলেন, ‘এটা সম্ভব!’

গতকাল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। বুধবার সন্ধ্যায় এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মূলত যুদ্ধ অবসানের জন্য ইরানকে ‘ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব’ দেওয়ার সুযোগ দিতেই এই মেয়াদ বাড়ানো হয়েছে তিনি জানান।

তথ্যসূত্র: বিবিসি

মিডল ইস্ট আই–এ প্রকাশিত বৃহত্তর ইসরায়েলের কল্পিত মানচিত্র
এবার সিরিয়ায় ঢুকে পড়ল ‘বৃহত্তর ইসরায়েলের’ সমর্থক একদল ইসরায়েলি
সিরিয়ায় অনুপ্রবেশের পর প্রায় ৪০ জন ইসরায়েলি বসতিস্থাপনকারীকে (সেটলার) ফিরিয়ে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। আজ বুধবার এ ঘটনা ঘটেছে। এই ইহুদিরা মূলত ‘বৃহত্তর ইসরায়েলের (গ্রেটার ইসরায়েল)’ সমর্থক।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ওই বেসামরিক ব্যক্তিরা সীমান্তে জড়ো হয়েছিলেন এবং সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে থাকা বাফার জোনের কয়েক শ মিটার ভেতরে ঢুকে পড়েছিলেন। পরে তাঁদের ইসরায়েলে ফিরিয়ে নিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম অনুপ্রবেশকারীদের ডানপন্থী গোষ্ঠী ‘পাইওনিয়ারস অব বাশান’-এর সদস্য হিসেবে শনাক্ত করেছে। এই গোষ্ঠীটি লেবানন ও সিরিয়ায় ইহুদি বসতিস্থাপনের আহ্বান জানিয়ে আসছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

‘বৃহত্তর ইসরায়েল’ মানচিত্র নিয়ে ক্ষুব্ধ আরব দেশগুলো
দক্ষিণ লেবাননে হামলায় আহত ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু
দক্ষিণ লেবাননে গত শনিবার হামলায় আহত ফরাসি এক শান্তিরক্ষী মারা গেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ কথা জানিয়েছেন।

এর আগে গান্দোরিয়েহ গ্রামে ওই হামলায় ফ্লোরিয়ান মন্তোরিও নামের আরেক ফরাসি শান্তিরক্ষী ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, এটি ছিল একটি ‘পরিকল্পিত হামলা’। সম্ভবত কোনো অরাষ্ট্রীয় গোষ্ঠী—অভিযোগ রয়েছে হিজবুল্লাহর—তরফ থেকে এ হামলা চালানো হয়েছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
‘ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব’ দেওয়ার জন্য ইরানকে সীমিত সময় দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের
যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ইরানকে ‘ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব’ উপস্থাপনের জন্য সীমিত সময় দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুটি সূত্র সিএনএন-কে এ তথ্য জানিয়েছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বার্তা ইরানের কাছে পৌঁছেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

সূত্রগুলো জানিয়েছে, বর্তমান প্রশাসন যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়াতে চায় না এবং তারা ইরানকে আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগও দিতে চায় না।

সূত্রগুলোর ভাষ্যমতে, বুধবারের সময়সীমার পরও চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট সতর্ক ছিলেন। তিনি যত দ্রুত সম্ভব একটি চুক্তি চূড়ান্ত করতে চান এবং আশা করেছিলেন, সময়সীমা বেঁধে দেওয়ার চাপ যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য করবে।

তবে সিএনএনের আগের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা মনে করেন যে ইরানি নেতৃত্বের মধ্যে মতপার্থক্য রয়েছে। একটি চুক্তি চূড়ান্ত করার মতো পর্যাপ্ত ক্ষমতা আলোচকদের দেওয়ার বিষয়ে তাঁরা একমত হতে পারেননি।

সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্পের ভাষায় তেহরানকে ‘ঐক্যবদ্ধ হয়ে প্রস্তাব’ উপস্থাপনের জন্য আরও সময় দেওয়ার সিদ্ধান্তটি কূটনৈতিকভাবে যুদ্ধ অবসানের প্রতি প্রশাসনের আগ্রহকেই প্রতিফলিত করে। একই সঙ্গে এটি সামরিক হামলা পুনরায় শুরু করার বিষয়ে তাদের অনিচ্ছারও বহিঃপ্রকাশ।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, আলোচনা চলার সময় হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ইরানিদের চাপে রাখবে। যদিও ট্রাম্পের সহযোগীদের মধ্যে এই স্বীকারোক্তিও রয়েছে যে, অবরোধ যত দীর্ঘায়িত হবে, বিশ্ব অর্থনীতির তত বেশি ক্ষতি হবে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা চলছে: আউন
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কাউকে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাধাগ্রস্ত করতে বা স্থিতিশীলতা নষ্ট করতে দেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট আউন লিখেছেন, ‘আমাদের দেশের ইতিহাসের এই পর্যায়ে নাগরিক শান্তি রক্ষা করা একটি রেড লাইন (চরম সীমা)।’ লেবাননের এই অস্বাভাবিক পরিস্থিতি অবসানে তিনি সব ধরনের প্রচেষ্টা চালাবেন বলেও জানান।

আগামীকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত একটি প্রস্তুতিমূলক সভায় লেবাননের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হাদ্দাদ মাউয়াদ। সভায় তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি উত্থাপন করবেন এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ বন্ধের দাবি জানাবেন।

প্রেসিডেন্ট আউন বলেন, এই আলোচনা চারটি শর্তের ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে—ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা, ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দিবিনিময় এবং লেবাননের সেনাবাহিনী মোতায়েন।

এর আগে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননের স্থানীয় সময় ১৬ এপ্রিল মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে ইসরায়েলের আগ্রাসন ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টা হামলা বন্ধ হয়।

তথ্যসূত্র: আল-জাজিরা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির
টেকসই চুক্তির জন্য জোর তৎপরতা চালাচ্ছে পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁদের সুসম্পর্ককে কাজে লাগিয়ে একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমঝোতা নিশ্চিত করার চেষ্টা করছেন।

এ দুজনের অনুরোধেই মার্কিন প্রেসিডেন্ট শুধু যুদ্ধবিরতির মেয়াদই বাড়াননি, বরং একে অনির্দিষ্টকালের জন্য কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত কূটনীতির জন্য বাড়তি সময় দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে শেষ চেষ্টা হিসেবে নয়, বরং শুরু থেকেই তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। এই যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের একটি বৈঠক হয়েছে এবং তাঁদের আলোচনা এখনো চলছে। মূলত পাকিস্তান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তারা যুক্তরাষ্ট্রের দেওয়া একটি রূপরেখা ইরানকে পৌঁছে দিচ্ছে এবং একটি দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।

সূত্র: আল-জাজিরা

ইরানের রাজধানী তেহরানে লোকজনের চলাচল
যুদ্ধে চাকরি হারিয়েছেন ২০ লাখ ইরানি
ইরানের শ্রম উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মাদির দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে দেশটিতে ২০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন। এ কারণে নিষেধাজ্ঞা ও ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে থাকা ইরানের ভঙ্গুর অর্থনীতি আরও গভীর সংকটের মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের তেল ও গ্যাস ক্ষেত্র, পেট্রোকেমিক্যাল শিল্প, ইস্পাত ও অ্যালুমিনিয়াম কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইন্টারনেট বিভ্রাট এবং ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলমান ব্ল্যাকআউটের কারণে দেশটির ডিজিটাল অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে দেশটিতে ব্যাপক হারে কর্মী ছাঁটাই চলছে। ইরানের সামাজিক নিরাপত্তা সংস্থার সাবেক অর্থনীতিবিদ হাদি কাহালজাদেহ ধারণা করছেন, দেশটির মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক বা ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির শ্রম উপমন্ত্রী এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সংস্থার প্রধান গোলাম হোসেন মোহাম্মাদি চলতি সপ্তাহের শুরুতে বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী যুদ্ধের কারণে ১০ লাখের বেশি মানুষ সরাসরি কাজ হারিয়েছেন। এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব মিলিয়ে ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

মহড়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়ছে
দুটি জাহাজ জব্দ করার কথা জানাল আইআরজিসি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করে সেগুলোকে ইরানের উপকূলে নিয়ে গেছে। আইআরজিসি বলেছে, ‘হরমুজ প্রণালিতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি রেড লাইন (চরম সীমা) হিসেবে বিবেচনা করা হয়।’

এর আগে খবরে বলা হয়েছিল, ইরানের উপকূলে একটি জাহাজে গুলি চালানো হয়েছে। এ ছাড়া ওমান উপকূলে হামলার শিকার হয়ে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের ঠিক আগে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
দুই দেশের মধ্যে প্রায় দুই মাসের যুদ্ধ থামানোর লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগমুহূর্তে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এ শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয়। ইরানের অস্ত্র তৈরির সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার অভিযোগে মোট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সংঘাত বন্ধে বড় ধরনের ছাড় পেতে ইরানের ওপর আর্থিক চাপ বাড়ানোর যে কৌশল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, এ নিষেধাজ্ঞা তারই অংশ।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বের জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর জন্য ইরানি প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’ তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ‘ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক ক্রোধ কর্মসূচির আওতায় ইরানের ‘‘হঠকারিতা ও তাদের সহযোগীদের অর্থের উৎস’’ বন্ধ করা অব্যাহত থাকবে।

এদিকে আজ বুধবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার ওই বৈঠক হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের কারণে তেহরান এ পর্যন্ত এই বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত কোনো প্রতিশ্রুতি দেয়নি।

নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে জানান, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি আছেন তিনি। দুই সপ্তাহের জন্য করা এই যুদ্ধবিরতির মেয়াদ আজই শেষ হওয়ার কথা ছিল।

ট্রাম্প আগে এ যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর কথা বললেও গতকাল তাঁর অবস্থানে পরিবর্তন আনেন। তিনি বলেন, ইরানের প্রতিনিধিরা একটি সমন্বিত প্রস্তাব নিয়ে না আসা পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে।

তথ্যসূত্র: আল–জাজিরা

* আগের লাইভ দেখতে ক্লিক করুন

হরমুজ প্রণালিতে আটকে আছে অনেক জাহাজ ও ট্যাংকার
হরমুজ প্রণালিতে এক দিনে পণ্যবাহী তিন জাহাজে ইরানের হামলা
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আজ বুধবার অন্তত তিনটি কন্টেইনার জাহাজে হামলা চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের প্রতিবাদে দেশটি এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছে।

ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট-চালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির ওপরের অংশ বা ‘ব্রিজ’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাহাজের ক্যাপ্টেন জানান, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি গানবোট তাঁদের জাহাজের কাছাকাছি আসে এবং পরে গুলি চালায়। গানবোটে তিনজন আরোহী ছিলেন।

গ্রিস-চালিত এই জাহাজের ক্যাপ্টেন দাবি করেন, হামলার আগে রেডিওর মাধ্যমে কোনো যোগাযোগ করা হয়নি, যদিও শুরুতে তাঁদের প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল।

আইআরজিসি বলেছে, জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে সেটি।

পরে ইউকেএমটিও জানায়, ইরান থেকে প্রায় আট নটিক্যাল মাইল পশ্চিমে দ্বিতীয় আরেকটি কন্টেইনার জাহাজে গুলি চালানো হয়েছে। পানামার পতাকাবাহী এ জাহাজে অবশ্য কোনো ক্ষতি হয়নি এবং এর নাবিকেরা নিরাপদ আছেন।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তৃতীয় আরেকটি কন্টেইনার জাহাজও গুলিবর্ষণের শিকার হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী এ জাহাজটির কোনো ক্ষতি না হলেও সেটি মাঝসমুদ্রে থেমে গেছে। এর নাবিকেরাও নিরাপদ রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ জলপথ দিয়ে পরিবাহিত হতো। এখন প্রণালিটি কার্যত বন্ধ থাকায় বিশ্ব তেল বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব পড়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

মুসলিমবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজ
ইসরায়েলপন্থী মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজ যুক্তরাজ্যে নিষিদ্ধ
কট্টর মুসলিমবিদ্বেষী ও বর্ণবাদী মন্তব্যের জন্য পরিচিত মার্কিন ইনফ্লুয়েন্সার ভ্যালেন্টিনা গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। উগ্র ডানপন্থী নেতা টমি রবিনসনের একটি সমাবেশে যোগ দিতে তাঁর লন্ডনে আসার কথা ছিল।

প্রাথমিকভাবে গোমেজকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) বা বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। তবে তাঁর আগমনের খবরে তীব্র ক্ষোভ সৃষ্টি হলে ব্রিটেন সরকার সেই অনুমতি প্রত্যাহার করে নেয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গোমেজের উপস্থিতি ‘জনস্বার্থের জন্য সহায়ক হবে না’। সরকারের হঠাৎ মত পরিবর্তনের পেছনে ছিল জনরোষ। প্রথমে গোমেজকে অনুমতি দেওয়ার বিষয়টি অনেক মুসলমানকে মর্মাহত করে। এছাড়া ঘৃণা ছড়ানোর বিষয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দ্বিমুখী আচরণে’র অভিযোগও ওঠে।

গোমেজ দীর্ঘদিন ধরে মুসলমানদের নিয়ে উসকানিমূলক মন্তব্য করে আসছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে প্রচারের সময় তিনি পবিত্র কোরআন পুড়িয়েছিলেন ও ইসলামকে চিরতরে থামিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া মুসলমানদের ‘ধর্ষক’ ও ‘সহিংস বহিরাগত’ হিসেবেও বারবার আখ্যা দিয়েছেন এ মুসলিমবিদ্বেষী ইনফ্লুয়েন্সার।

A true warrior and a dear friend.
Thank you @ValentinaForUSA for your courage, your voice, and your heart for Israel.
https://t.co/3xbpUvUtKL

— אוהד טל – Ohad Tal (@MKOhadTal) October 22, 2025 মুসলিম কাউন্সিল অব ব্রিটেন ও মুসলিম উইমেন’স নেটওয়ার্ক ইউকে গোমেজের আগমনের বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছিল। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে উদ্দেশ্য করে তারা জানায়, গোমেজকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ স্বাভাবিক করে তুলবে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করবে।

সম্প্রতি গোমেজ ইসরায়েল সফর করে গাজায় দেশটির সামরিক অভিযানের প্রতিও সমর্থন জানিয়েছেন। ইসরায়েলি হামলার একটি ভিডিওতে তাঁকে পপকর্ন খেতে খেতে উল্লাস করতে দেখা যায়। তাঁর এ ভূমিকার প্রশংসা করে ইসরায়েলি সংসদ সদস্য ওহাদ তাল তাঁকে ‘একজন সত্যিকারের যোদ্ধা ও প্রিয় বন্ধু’ হিসেবে বর্ণনা করেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

* আগের লাইভ দেখতে ক্লিক করুন

তেহরানে আঁকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী একটি দেয়ালচিত্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন নারী। ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে আবার ইসলামাবাদে বসতে রাজি ইরান
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি আছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ কথা জানিয়েছেন।

ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ইরাভানি বলেন, ‘যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে।’

তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। ইরাভানি বলেন, ‘নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে।’

ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) যদি রাজনৈতিক সমাধান চায়, তবে আমরা প্রস্তুত। আর যদি তারা যুদ্ধ চায়, ইরান সেটির জন্যও তৈরি।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

হরমুজ প্রণালি আবারও চালুর সিদ্ধান্ত থেকে ইরান সরে আসার পর সেখানে অপেক্ষমাণ তেলবাহী ট্যাংকার ও অন্যান্য জাহাজ
হরমুজে নিষেধাজ্ঞা উপেক্ষা: ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের বিপ্লবী গার্ডের হামলা
ওমান উপকূলে একটি পণ্যবাহী কনটেইনার জাহাজে হামলা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ বা ‘ব্রিজ’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ওমান থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে জাহাজটির কাছে আইআরজিসির একটি নৌকা চলে আসে এবং এরপর গানবোটটি থেকে গুলি চালানো হয়।

এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তাদের সামরিক বাহিনী বারবার সতর্ক করার পরও জাহাজটি সাড়া দেয়নি। তাই ‘সমুদ্র আইন’ অনুযায়ী ওই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

হামলার স্থান হরমুজ প্রণালির সঙ্গে যুক্ত। আইআরজিসির গানবোট কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই সরাসরি জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ লক্ষ্য করে গুলি চালায়।

ইরান সম্প্রতি ঘোষণা করেছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা হরমুজ প্রণালি বন্ধ রাখবে এবং এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

প্রতীকী ছবি
ইরানে মোসাদের গুপ্তচর সন্দেহে উচ্চপদস্থ বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার ফাঁসি
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক উচ্চপদস্থ সিভিল ডিফেন্স (বেসামরিক প্রতিরক্ষা) কর্মকর্তাকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির বরাতে এ খবর জানা গেছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই কর্মকর্তার নাম মেহেদী ফরিদ। ইরানের সুপ্রিম কোর্ট এই সাজা বহাল রাখার পর তাঁকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হয়।

মিজান নিউজ এজেন্সি জানায়, মেহেদী ফরিদ ইসরায়েলি গোয়েন্দাদের কাছে স্পর্শকাতর তথ্য পাচারের চেষ্টার কথা স্বীকার করেছিলেন। এসবের মধ্যে বিভিন্ন সংস্থার অভ্যন্তরীণ তথ্য, গুরুত্বপূর্ণ স্থাপনার নকশা ও কর্মকর্তাদের নথিপত্র ছিল।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

* আগের লাইভ দেখতে ক্লিক করুন

চলমান যুদ্ধবিরতির মধ্যে জোরেশোরে নিজেদের প্রস্তুত করছেন মার্কিন সেনারা
যুদ্ধবিরতির সুযোগে নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে মার্কিন বাহিনী, সাজাচ্ছে রণকৌশল
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও হাত গুটিয়ে বসে নেই মার্কিন সামরিক বাহিনী। এ সময়ে নিজেদের নতুন করে অস্ত্রসজ্জিত ও প্রস্তুত করছে তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতির এ সুযোগে মার্কিন সেনারা নিজেদের ‘রি-আর্মিং’ (অস্ত্রসজ্জিত হওয়া) এবং ‘রি-টুলিং’ (সরঞ্জাম মেরামত ও আধুনিকায়ন) করছে। সেন্টকম আরও জানায়, তাদের সেনারা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

এক সংবাদ সম্মেলনে সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বলেন, মার্কিন সামরিক বাহিনী বর্তমানে তাদের রণকৌশল ও কর্মপদ্ধতি নতুন করে সাজাচ্ছে।

ব্র্যাড কুপার দাবি করেন, ‘বিশ্বের অন্য কোনো সামরিক বাহিনী আমাদের মতো দ্রুত খাপ খাইয়ে নিতে পারে না। যুদ্ধবিরতির এ সময়ে আমরা ঠিক সে কাজটুকুই করছি।’

U.S. Central Command forces remain ready… pic.twitter.com/ddkfNDQ6k7

— U.S. Central Command (@CENTCOM) April 21, 2026 সংবাদ সম্মেলনে ব্র্যাড কুপারের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এই মন্তব্যগুলো সামনে এল।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা

ইরান যুদ্ধে প্যাট্রিয়ট, থাড ও প্রিসিশন ক্ষেপণাস্ত্রের অর্ধেকই ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে আসছে মজুত
ইরানের সঙ্গে যুদ্ধে নিজেদের শক্তিশালী ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর এক নতুন বিশ্লেষণকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পরিচিত এই সামরিক অভিযানের ব্যাপকতার কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

সিএসআইএসের বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন সেনাবাহিনী তাদের অতি উঁচুমানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’-এরও অর্ধেক ইন্টারসেপ্টরই ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছে।

ইসরায়েলে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে দেশটির মাত্র আটটি এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন রয়েছেপ্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’-এর মজুতেও টান পড়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রের মোট মজুতের ৪৫ শতাংশের বেশি ইতিমধ্যে যুদ্ধে ব্যবহার করা হয়েছে।

সামরিক বিশ্লেষকেরা মনে করছেন, যুদ্ধের এমন ব্যাপকতা মার্কিন বাহিনীর যুদ্ধাস্ত্রের সংরক্ষিত ভাণ্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি করছে।

২০২৪ সালের ডিসেম্বরে একটি পরীক্ষা চলাকালীন মার্কিন সেনারা একটি প্রিসিশন স্ট্রাইক মিসাইল উৎক্ষেপণ করছেন
তথ্যসূত্র: মিডল ইস্ট আই

* আগের লাইভ দেখতে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী, এ পর্যন্ত কী ঘটল
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতির শর্ত নতুন করে সামনে এসেছে।

গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর মেয়াদ আজ বুধবার সন্ধ্যায় (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) শেষ হওয়ার কথা ছিল।

—প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এ চুক্তির প্রধান শর্ত ছিল ইরানকে ‘হরমুজ প্রণালি’ আবার খুলে দিতে হবে।

—পারস্য উপসাগর থেকে তেল ও অন্যান্য পণ্য রপ্তানির জন্য এ নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান দুই সপ্তাহের জন্য তাদের সামরিক বাহিনীর সমন্বয়ে এ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছিল।

—শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদ সফর করেন। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই ভ্যান্সকে খালি হাতে ওয়াশিংটনে ফিরতে হয়।

—যুদ্ধ বন্ধে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করেছে। নিষেধাজ্ঞার হুঁশিয়ারিসহ দেশটির ওপর অর্থনৈতিক চাপও আরও বাড়িয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ইরানের সঙ্গে চুক্তি নাগালেই ছিল, সর্বনাশ করেছে সামাজিকমাধ্যমে ট্রাম্পের পোস্ট—মূল সংঘাতের সমান্তরালে ইসরায়েল ও লেবানন সীমান্তেও একটি যুদ্ধবিরতি চলছে। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো দুই দেশের সরাসরি আলোচনার পর গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

—ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ‘লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে’ হরমুজ প্রণালি ‘পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে’। তবে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করায় তেহরান এ ঘোষণার পরদিনই আবার নৌপথটি বন্ধ করে দেয়।

—যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ‘পরিকল্পিত, তাৎক্ষণিক বা চলমান যেকোনো হামলার বিরুদ্ধে ইসরায়েল যেকোনো সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বা আত্মরক্ষার অধিকার বজায় রাখবে।’

—চুক্তিতে আরও বলা হয়, হিজবুল্লাহসহ অন্য যেকোনো ‘সশস্ত্র গোষ্ঠী’ যাতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারে, সেজন্য লেবানন সরকারকে ‘কার্যকর পদক্ষেপ’ নিতে হবে।

তথ্যসূত্র: বিবিসি

ইরানে হামলায় ১৩০০ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত, অর্ধেকের বেশি মেরামত হয়েছে
ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলার পর উদ্ধার তৎপরতা চলছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তোলাইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা খাজেমি বলেন, মার্কিন–ইসরায়েলি হামলায় ইরানে প্রায় ১ হাজার ৩০০ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি বা ৭৭৫টি মেরামত করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ইরনা এ খবর জানিয়েছে।

খাজেমি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় ইরানে অন্তত ২০টি বিদ্যালয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইস্পাহান ও হরমোজগান এলাকায়।

হামলায় ক্ষতিগ্রস্ত বাকি বিদ্যালয়গুলোর মেরামত কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ করা সম্ভব হবে বলেও জানান ইরানের শিক্ষামন্ত্রী।

তথ্যসূত্র: আল–জাজিরা

* আগের লাইভ দেখতে ক্লিক করুন

হরমুজ প্রণালি ‘পুরোপুরি বন্ধ’ রেখেছে যুক্তরাষ্ট্র, ইরান চাইছে খুলতে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ অবরুদ্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। আর ইরান নিজেদের আর্থিক ক্ষতি এড়াতে এ সমুদ্রপথ খুলে দিতে চাইছে। আপাতত ‘মুখরক্ষা করতে’ হরমুজ প্রণালি বন্ধ রেখেছে তেহরান।

এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প এমন দাবি করেন।

পোস্টে ট্রাম্প লিখেন, ‘হরমুজ প্রণালি বন্ধ থাক, এটা ইরান চায় না। তারা এটা খোলা দেখতে চায়। যাতে তারা প্রতিদিন এখান থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে (প্রণালিটি বন্ধ থাকলে তারা ক্ষতির শিকার হবে!)।’

‘তারা এটা (হরমুজ প্রণালি) বন্ধ রাখতে চায় একটা কারণেই যে, আমি এ পথ পুরোপুরি অবরোধ করে রেখেছি (বন্ধ করে দিয়েছি!)। তাই তারা কেবল মুখরক্ষা করতে চাইছে’—বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘চারদিন আগেই লোকজন আমাকে বলেছিল, “স্যার, ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়।”’

‘কিন্তু আমরা যদি সেটা করি, তাহলে ইরানের সঙ্গে কখনোই কোনো চুক্তি করা যাবে না, যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে না দিই!’—হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: আল–জাজিরা

ইরানের পুরো নৌবাহিনী সমুদ্রের তলদেশে : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সংবাদপত্রের একটি কলামের কড়া সমালোচনা করেছেন। ওই নিবন্ধে দাবি করা হয়েছিল যে, ইরানের নেতৃত্ব মার্কিন প্রেসিডেন্টকে ‘বোকা’ ভাবছে।

জবাবে ট্রাম্প বলেন, গত ৪৭ বছর ধরে তেহরান বর্তমান প্রেসিডেন্টের আগ পর্যন্ত “প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের সুযোগ নিয়েছে”।

ট্রাম্প লিখেছেন, “আর আমি তাদের কী দিয়েছি? একটি জরাজীর্ণ দেশ!”

এরপর ট্রাম্প এক দীর্ঘ দাবি তুলে ধরে বলেন, ইরানের “পুরো নৌবাহিনী সমুদ্রের তলদেশে, তাদের বিমানবাহিনী নেই, তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থা ও রাডার ধ্বংস হয়ে গেছে” এবং “তাদের পরমাণু গবেষণাগার ও গুদামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন যে, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরান প্রতিদিন “৫০ কোটি ডলার” লোকসান করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরানের সামরিক বাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে বাস্তবে ইরানি বাহিনী এখনও আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখতে সক্ষম হয়েছে।

সূত্র: আল–জাজিরা

* আগের লাইভ দেখতে ক্লিক করুন

ইসরায়েল-লেবানন সরাসরি আলোচনায় যোগ দেবেন হাকাবি
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। জেরুসালেমে, ১০ সেপ্টেম্বর ২০২৫যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে, ইসরায়েল ও লেবাননের মধ্যে আসন্ন সরাসরি আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের অংশ হিসেবে উপস্থিত থাকবেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবারও এই আলোচনায় অংশ নেবেন। তাঁর সঙ্গে থাকবেন লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা এবং স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর মাইকেল নিডহ্যাম।

ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিত্ব করবেন যথাক্রমে যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশ দুটির রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং নাদা হামাদে মোয়াদ।

আগামী বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এই আলোচনা হওয়ার কথা রয়েছে। গত দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ে এটি দ্বিতীয় দফার আলোচনা। লেবাননে ১০ দিনের একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই এই উদ্যোগ নেওয়া হলো।

স্টেট ডিপার্টমেন্টের ওই কর্মকর্তার মতে, ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে হাকাবি “স্টেট ডিপার্টমেন্টের নেতৃত্ব এবং আন্তঃসংস্থা অংশীদারদের সঙ্গে নিয়মিত পরামর্শ করবেন, যার মধ্যে আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে।”

সূত্র: সিএনএন

যুক্তরাষ্ট্রের যুদ্ধ‌বির‌তির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস​যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধ‌বির‌তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একে উত্তেজনা প্রশমনে এক ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

​জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এটি উত্তেজনা প্রশমন এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতি ও আস্থা তৈরির পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।

​মুখপাত্র আরও বলেন, ‘আমরা সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাই। একইসঙ্গে এমন কোনো কাজ থেকে বিরত থাকতে বলছি যা অস্ত্রবিরতিকে বাধাগ্রস্ত করতে পারে। একটি টেকসই সমাধানের লক্ষ্যে সবাইকে গঠনমূলক আলোচনায় অংশ নিতে উৎসাহিত করছি।’

​কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়ে দুজারিক জানান, পরবর্তী আলোচনা সফল করতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে গুতেরেস পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দ্বন্দ্ব নিরসনে একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধানের পথ তৈরি করবে।

সূত্র: আল–জাজিরা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে শাহবাজ লিখেছেন, ‘আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের পক্ষ থেকে, চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতি বাড়ানোর আমাদের অনুরোধ সদয়ভাবে গ্রহণ করার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

শাহবাজ শরিফ আরও লিখেছেন, পাকিস্তান একটি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আরও যোগ করেন: “আমি আন্তরিকভাবে আশা করি যে উভয় পক্ষই যুদ্ধবিরতি পালন অব্যাহত রাখবে এবং সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি ব্যাপক ‘শান্তি চুক্তি’ সম্পন্ন করতে সক্ষম হবে।”

সূত্র: আল জাজিরা

* আগের লাইভ দেখতে ক্লিক করুন

ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ আকস্মিক হামলার জন্য সময়ক্ষেপণ: ইরানি কর্মকর্তা
ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা ‘অর্থহীন’। তিনি বলেন, ‘পরাজিত পক্ষ কোনো শর্ত চাপিয়ে দিতে পারে না।’

মোহাম্মদী সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলেছেন, ‘অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। তাছাড়া, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এখন চলে এসেছে।’

সূত্র: আল জাজিরা

পাকিস্তানে আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে ইরান : তাসনিম নিউজ
ইরানের রাজধানী তেহরানের পথে চলছে লোকজনইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ তাদের একজন প্রতিনিধির বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানে হতে যাওয়া আলোচনায় অংশ নিতে অস্বীকার করেছে ইরান।

সংস্থাটি জানায়, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র তাদের ‘অযৌক্তিক দাবি’ থেকে সরে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাসনিম নিউজের ভাষ্যে, “এই কারণে ইরান শেষ পর্যন্ত আজ ঘোষণা করেছে যে, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অংশগ্রহণ করা কেবল সময়ের অপচয়। কারণ যুক্তরাষ্ট্র যেকোনো উপযুক্ত চুক্তির পথে বাধা সৃষ্টি করছে। তাই ইরান আমেরিকানদের সাথে কোনো আলোচনায় বসবে না।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান তাদের এই অবস্থানের কথা পাকিস্তানকে জানিয়ে দিয়েছে এবং মধ্যস্থতাকারীদের অবহিত করেছে যে আগামীকাল পাকিস্তানে অনুষ্ঠেয় আলোচনায় তারা উপস্থিত থাকছে না।

তবে এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে—যা অপ্রত্যাশিত ছিল না। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে আমাদের কাছে ইরানের ওপর হামলা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে, যাতে তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন। তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্যান্য সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম থাকতে বলেছি। প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনো একটি সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি।’

সূত্র: বিবিসি

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদের পাশ দিয়ে এক যুবককে মোপেড (এক ধরনের মোটরসাইকেল) চালিয়ে যেতে দেখা যাচ্ছে। কাফর সির গ্রাম, দক্ষিণ লেবানন, ২১ এপ্রিল ২০২৬লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ১০ দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব হিসেবে তারা উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, উত্তর ইসরায়েলের একটি অবস্থান লক্ষ্য করে তাদের যোদ্ধারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, ওই অবস্থান থেকেই দক্ষিণ লেবাননের একটি শহরে কামানের গোলা ছোড়া হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘লেবানন ও তার জনগণকে রক্ষা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা ও ঘরবাড়ি-গ্রাম ধ্বংসসহ ইসরায়েলের পক্ষ থেকে নির্লজ্জ’ যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

অশুভ শক্তির’ বিরুদ্ধে লড়াইয়ের পর ইসরায়েল এখন ‘আগের চেয়ে শক্তিশালী’: নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুপশ্চিম জেরুজালেমে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল এখন আগের চেয়ে শক্তিশালী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আমরা বিশ্বের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছি।’

নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা ইরানের হুমকি ব্যবস্থাকে মারাত্মক আঘাত করেছি, যা আমাদের বিপদে ফেলার ক্ষমতাকে খর্ব করেছে। আমরা আঞ্চলিক শক্তি হিসেবে ইসরায়েলের অবস্থান শক্তিশালী করেছি। আমরা নতুন জোট গঠন করেছি এবং শান্তির পরিধি বাড়ানোর পথ প্রশস্ত করেছি।’

সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর স্থগিত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে সরাসরি অবগত একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি এটিও জানিয়েছেন যে, পরিস্থিতি অনুকূলে এলে যেকোনো মুহূর্তে এই সফর পুনরায় শুরু হতে পারে।

ওই কর্মকর্তার ভাষ্যমতে, তেহরান মার্কিন আলোচনার শর্তাবলি বা অবস্থানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, যার ফলে এই উচ্চপর্যায়ের সফরটি আপাতত থমকে গেছে। তবে আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি; যেকোনো সময় এই সফর হতে পারে।

সূত্র: নিউইয়র্ক টাইমস।

* আগের লাইভ দেখতে ক্লিক করুন

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement